বর্ণময় ও উৎসবমুখর পরিবেশে নবনির্মিত শ্রী রামকৃষ্ণ মন্দিরের শুভ দ্বারোদঘাটন

অমরেশ দত্ত, মানবাজার:বর্ণময় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল মানবাজার ১ ব্লকের গোপালনগর রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের নবনির্মিত শ্রী রামকৃষ্ণ মন্দিরের শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠান। শুক্রবার অতিথিদের উপস্থিতিতে ফিতে কেটে নবনির্মিত শ্রী রামকৃষ্ণ মন্দিরের শুভ দ্বারোদঘাটন করা হয়। এদিন প্রথমেই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনের শোভাযাত্রায় কলস নিয়ে শিক্ষার্থীরা নগর পরিক্রমা করে, সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিশিষ্টজনেরা। এরপর চলে হোম, যজ্ঞ, পুজোপাঠ।
শ্রী রামকৃষ্ণ মন্দিরের শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলকাতা বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রী মৎ স্বামী জ্ঞানলোকানন্দজী, বাঁকুড়া রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী কৃত্তিবালানন্দজী মহারাজ,পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সম্পাদক স্বামী শিবপ্রদানন্দজী মহারাজ, বাগদা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রিয়ানন্দজী মহারাজ সহ বিশিষ্টজনেরা। উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। এদিনের অনুষ্ঠানকে ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে।
রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সভাপতি ডা: পরমানন্দ মাহাত বলেন, গোপালনগর রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী আত্মানন্দজী মহারাজ ২০১৪ সালের ১৫ ই জানুয়ারি "শ্রীরামকৃষ্ণ মন্দির”-এর শুভ 'শিলান্যাস' করেন। আজ এই মন্দিরের শুভ দ্বারোদঘাটন হল। এদিন উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি সকলের উপস্থিতি ও সহযোগিতায় কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত বলে জানান তিনি।
রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ পুরুলিয়া, বাঁকুড়ার আহ্বায়ক সুধাংশু ভট্টাচার্য বলেন, স্বামী আত্মানন্দজী মহারাজ "শ্রীরামকৃষ্ণ মন্দির”-এর প্রতিষ্ঠাতা।এই মন্দিরের আজ শুভ দ্বারোদঘাটন।পাশাপাশি তিনি জানান, কোলকাতা বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রী মৎ স্বামী জ্ঞানলোকানন্দজীকে আমরা এই অনুষ্ঠানে আনতে পেরেছি, এটা আমাদের পরম সৌভাগ্য।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.