বিশেষ শিশুদের সৃজনশীল, আধ্যাত্মিক বিকাশের লক্ষ্যে বিশেষ ক্রীড়া আনন্দ উৎসব মানবাজারে

অমরেশ দত্ত,মানবাজার: স্বাভাবিক জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভুলে যেতে বসেছি জীবন সবার জন্য সমান নয়। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য চলছে বিভিন্ন পদক্ষেপ। মূলত বিশেষ শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ছোট্ট একটি প্রচেষ্টার লক্ষ্য নিয়ে আজ বুধবার মানবাজার ১নং চক্রের ব্যবস্থাপনায় বিশেষ শিশুদের জন্য অনুষ্ঠিত হল বিশেষ ক্রীড়া আনন্দ উৎসব।মূল লক্ষ্য শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন।  
এদিন মানবাজার ১ নং চক্র, মানবাজার ৩ নং চক্র ও গোপালনগর চক্রের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মানবাজার ১ নং চক্র অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বিশেষ ক্রীড়া আনন্দ উৎসব। এদিন প্রায় ২৫ জন প্রতিযোগী একাধিক ইভেন্টে অংশগ্রহণ করেছে।জিমন্যাস্টিক, বল থ্রো প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে খুদে প্রতিযোগিদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন প্রতিযোগিতা শেষে পুরস্কার হিসেবে জলের বোতল ও শংসাপত্র সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয়।
মানবাজার ১নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা বলেন,  প্রত্যেক শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পাশাপাশি তিনি আরো বলেন, সুশৃংখলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় আমি যথেষ্টই উচ্ছ্বসিত।এজন্য উপস্থিত প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।
শিক্ষা প্রতিটি শিশুর জন্মগত মৌলিক অধিকার। প্রত্যেকের জন্য শিক্ষা বাস্তবায়নে চলছে বিভিন্ন পদক্ষেপ। একটি শিশুর জীবনে তার সৃজনশীল, আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যয়ন ও নিয়মানুবর্তিতা। আর এই লক্ষ্যকে সামনে রেখেই বিশেষ শিশুদের জন্য অনুষ্ঠিত হল বিশেষ ক্রীড়া আনন্দ উৎসব।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.