অমরেশ দত্ত, মানবাজার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে মানবাজার ১নং ব্লকে বুধবার বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভারম্ভ হল। মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানবাজার ১নং ব্লকে অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়।পাশাপাশি এদিন 'বাংলার বাড়ি' প্রকল্পের সুসজ্জিত ট্যাবলোর শুভ উদ্বোধন করা হয়।জানা যায়, মূলত স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে গ্রাম বাংলার মানুষের জন্য রাজ্য সরকারের তহবিলের অর্থানুকূল্যে 'বাংলার বাড়ি' প্রকল্পের দ্বিতীয় পর্বের সূচনা হল।
এদিন উপস্থিত ছিলেন মানবাজার ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, মানবাজার ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, সহকারী সভাপতি দিলীপ পাত্র, বিশরী গ্রাম পঞ্চায়েত প্রধান সজ্জিতা বেশরা সহ আধিকারিকগন ও বিশিষ্টজনেরা।
মানবাজার ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর বলেন, প্রথম পর্যায়ে ২৬৬৩ জন উপভোক্তাকে 'বাংলার বাড়ি' প্রকল্পের ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল। 'বাংলার বাড়ি' প্রকল্পের দ্বিতীয় পর্বের ২৭৩০ জন উপভোক্তাকে টাকা দেওয়া হবে। পাশাপাশি তিনি আরো জানান, উপভোক্তাদের জন্য আমাদের একটাই আবেদন, রাজ্য সরকার যে লক্ষ্যকে সামনে রেখে টাকা দিচ্ছে, সেই উদ্দেশ্যে যেন ব্যয় করা হয়।