নিজস্ব সংবাদদাতা, বরাবাজার:নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারে সমবেদনা জানাতে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবাজার ব্লকের তুমড়াশোল অঞ্চলের বাঁধডি গ্রামের বাসিন্দা সুখেন মাহাতো মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে খুন হন বলে অভিযোগ। মর্মান্তিক এই ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে। পরিবারের পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী দ্রুত সেখানে যান এবং সমবেদনা জানান। শুক্রবার সুখেন মাহাতোর মরদেহ বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই আকাশপথে বাঁধডি গ্রামে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং সবরকম সহায়তার আশ্বাস দেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ঘটনায় মহারাষ্ট্র পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদেরও দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, দোষীদের যাতে জামিন না হয়, সে বিষয়েও প্রশাসনের কাছে আবেদন করা হবে।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়ালেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে সংযত থাকার আহ্বান জানান। তিনি বলেন, এই দুঃখের সময়ে কেউ যেন রাজনীতি না করে, বরং দল-মত-ধর্ম নির্বিশেষে পরিবারের পাশে দাঁড়ানোই মানবিক কর্তব্য।
এছাড়াও সুখেন মাহাতোর দুই ভাইয়ের কর্মসংস্থানের বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন তিনি। নিহতের পরিবারও জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে তারা ভরসা পেয়েছে। এখন কর্মসংস্থান ও দ্রুত বিচার—এই দুই দাবির দিকেই তাকিয়ে রয়েছে পরিবার ও তুমড়াশোল অঞ্চলের বাঁধডি গ্রামের মানুষ।